আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা কলেজের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে গেছেন বলে কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য মতে, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের একটি দল আজ রোববার ইফতারের আগ মুহূর্তে কলেজের ‘আন্তর্জাতিক’ ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালান। গত মঙ্গলবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে নাহিদ হোসেন নামে এক তরুণকে কুপিয়ে হত্যায় জড়িত এক সন্দেহভাজন ছাত্রাবাসের ওই কক্ষে থাকতেন।
ঢাকা কলেজের একজন ছাত্র বলেন, ডিবি ও র্যাব সদস্যরা আন্তর্জাতিক হল থেকে জহির হাসান ওরফে জুয়েল নামে একজনকে ধরে নিয়ে গেছেন। জহির হাসান ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন। ওই কক্ষ থেকে দুটো মুঠোফোনও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই অভিযানের পর ঢাকা কলেজের অন্যান্য হল ফাঁকা হয়ে গেছে বলে নর্থ হলের ওই ছাত্র জানিয়েছেন।
তবে এই অভিযান ও আটকের কথা স্বীকার করেনি পুলিশ। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেছেন, ‘আমাদের কোনো টিম ঢাকা কলেজে যায়নি। কাউকে আটকও করা হয়নি।’