সম্প্রতি টিপকাণ্ডে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। টিপ পরায় রাজধানীতে এক শিক্ষিকাকে হেনস্থার শিকার হতে হয়। ওই ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষ টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন। যাদের মধ্যে ছিলেন দেশের বেশ কয়েকজন অভিনেতাও। টিপ পরা অভিনেতাদের নিয়ে সমালোচনা করেছিলেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি এবার সরব হলেন নওগাঁর হিজাব কাণ্ড নিয়ে।
গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে বেশ কয়েকজন ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া আবারও সরগরম। এই ইস্যুতে টিপ পরা অভিনেতাদের নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্দিক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।
এর আগে, ফেসবুকে কয়েকজন পুরুষ অভিনেতার টিপ পরা ছবি একসঙ্গে পোস্ট করে সিদ্দিকুর রহমান লিখেছেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি… আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক… মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।