স্থানীয় সরকার পৌরসভা আইন সংশোধন বিল ২০২২ সংসদে পাশ হয়েছে। সংশোধন বিলে বলা হয়েছে, এতদিন কোনো এলাকাকে পৌরসভা ঘোষণা করতে হলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব গড়ে দেড় হাজার হতে হত। এখন তা বাড়িয়ে দুই হাজার করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম পৌরসভা সংশোধন বিল-২০২২’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা সংসদে কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের প্রতিবাদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ওয়াকআউট করেন। তবে কিছু সময় পর তিনি সংসদ কক্ষে ফিরে আসেন।
এর আগে বিলের ওপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।
সংশোধনে পৌর পরিষদের মেয়াদ শেষ হলে পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। পাশাপাশি কোনো পল্লী এলাকাকে শহর এলাকা ঘোষণায় প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্বও বাড়ানো হয়েছে। বিলটি পাশের পর সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন বিষয়ে বিএনপি সংসদ সদস্য হারুন অর রশীদের এক মন্তব্যের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্ট বারের সমস্যা সুপ্রিমকোর্ট বার নিজেই সমাধান করবে। সরকারের কোন ভূমিকা রাখার সুযোগ নেই। পরে একাদশ সংসদের ১৭তম অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতবী করা হয়।
বৃহস্পতিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের তৃতীয় দিনে বিলটি পাশ হলো।