প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০১) একটি ভিভিআইপি ফ্লাইট আবুধাবির উদ্দেশে রওনা হয়।
এদিকে, আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ২১ সদস্যের একটি চৌকস দল তাকে স্যাটিক গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।