কেরানীগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে উপজেলার রোহিতপুর বিসিক শিল্প এলাকার ঢাকা-নবাবগঞ্জ সড়কের পাশ ঘেঁষে ও পানগাঁও ভাল্ব স্টেশন হতে চুনকুটিয়া চৌরাস্তা পর্যন্ত তিতাস গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ করে যাচ্ছে তিতাস গ্যাস কোম্পানির ঠিকাদার। চুনকুটিয়া চৌরাস্তা থেকে জিনজিরা তিতাস গ্যাস অফিস হয়ে চলে যাবে বিসিক শিল্প নগরী ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ২০ ইঞ্চি ডায়া ১৪০ পিএসআইজি ২০ কি মি গ্যাস লাইন কাজ শেষ হলে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ওয়াশিং ও ডাইং কারখানাগুলো বিসিক নগরী ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার নির্ধারিত জায়গায় স্থানান্তর করা হবে। এতে কেরানীগঞ্জে একটি পরিকল্পিত শিল্প নগরী গড়ে উঠবে। এতে এখানকার মানুষের একটি অর্থনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশের জিডিপিতে বিশাল ভূমিকা রাখবে।
গত ৪ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পানগাঁও ভাল্ব স্টেশন হতে বিসিক শিল্পনগরী পর্যন্ত ২০ ইঞ্চি ডায়া ১৪০ পিএসআইজি ২০ কি মি গ্যাস লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যুত, জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এরপর থেকে পুরোদমে কাজ শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পেট্রোবাংলা লিমিটেড।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জকে আধুনিক উন্নত শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে ২০ ইঞ্চি গ্যাস পাইপ লাইন সংযোগ করা হচ্ছে বিসিক শিল্প নগরী ও ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। কাজ শেষ হলে গ্যাস সংযোগ দেয়া হবে, এতে কেরানীগঞ্জের অর্থনীতির চাকা সচলের পাশাপাশি দেশের জিডিপিতেও বড় ভূমিকা রাখা সম্ভব।