শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন ও তথ্যচিত্র প্রদর্শনী করেন।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে মোমবাতি প্রজ্বালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা মোমবাতির মাধ্যমে ‘১৬ জানুয়ারি’ লিখেন। যার মাধ্যমে তারা গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার কথা স্মরণ করেন।
পরে গোলচত্বর থেকে মোমবাতি নিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার স্থান এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবন ও উপাচার্যের বাস ভবন হয়ে চেতনা একাত্তরের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সুদীপ্ত ভাস্কর অর্ঘ্য বলেন, চেতনা একাত্তর আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। এ উপাচার্যের মতো স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগের জন্য আমরা ১৬৩ ঘণ্টা অনশন করেছি। জাফর ইকবাল স্যারের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি কিন্তু পদত্যাগের আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়া ক্যাম্পাসে আসার আগ্রহ প্রকাশ করায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মণিকে ক্যাম্পাসে আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
পরে রাত সাড়ে ৮টায় তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেন শিক্ষার্থীরা। এতে তথ্যচিত্রে প্রামাণ্য দলিল হিসেবে গত ১৬ জানুয়ারি উপাচার্য অবরুদ্ধ থাকাকালীন শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার চিত্র, আন্দোলনের বিভিন্ন সময়ের কর্মসূচি, সাংস্কৃতিক প্রতিবাদসমূহের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দেখানো হয়।