পাবনার ঈশ্বরদী উপজেলাস্থ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এনিয়ে রূপপুরে এক সপ্তাহে ৫ রুশ নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটলো।
রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভেরোটনিকভ আলেকজান্দ্রা (৪৫) নামে সর্বশেষ এই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয় প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে।
ভেরোটনিকভ আলেকজান্দ্রা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘নিকিম এটোমস্ট্রয়’ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ভেরোটনিকভ আলেকজান্দ্রা প্রকল্পে ‘নিকিম’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি কক্ষে থাকতেন তিনি। রবিবার দুপুরে সহকর্মীরা নিজ কক্ষে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রকল্প কর্মকর্তাদের জানান। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ভেরোটনিকভের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত এক সপ্তাহে মারা যাওয়া এসব রাশিয়ানদের অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। ময়নাতদন্ত শেষে লাশ দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান।
এর আগে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) চুকিন পাভেল (৪৮) ও তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯) নামের দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং একজন সিঁড়ি থেকে পড়ে মারা যান।
এর আগে গত ২৮ জানুয়ারি (শুক্রবার) ও ২৯ জানুয়ারি (শনিবার) এই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শাকিরভ মাকসিম (৩৯) ও বারচেনকো আলেক্সেই (৩৪) নামের আরও দুই রাশিয়ানের মৃত্যু হয়। বারচেনকো ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও শাকিরভ রূপপুর প্রকল্পের গ্রিনসিটি আবাসিক ভবনে ঘুমন্ত অবস্থায় মারা যান।