চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠান ছিল আজ বিকাল ৫টায়। শপথ পাঠ শুরু হয় সাড়ে পাঁচটায়। শপথ অনুষ্ঠানে জায়েদ খান নেই। সেটা অনুমিতই ছিল। কিন্তু মিশা-জায়েদের প্যানেলের সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্ময় তৈরি করেছেন।
আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এই ঘটনার পর আদালতে যাবেন বলে জানিয়েছেন জায়েদ।
মিশা সওদাগরের উপস্থিতিকে দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন জৈষ্ঠ্য অভিনেতা আলমগীর। মিশা কেবল উপস্থিত থাকেননি, সভাপতি পদে বিজয়ী ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্যও পাঠ করান তিনি।
এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।
এদিন শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন। এছাড়াও ছিলেন কার্যকরী পরিষদে জয়লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন প্রমুখ।