ঢাকার দোহার উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী শাহানুর আলমের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত রেকর্ড রুমের ভেতরে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন ভূমি অফিসের কর্মচারী শাহানুর আলম। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন এবং মারধর করেন।
পরে আহত অবস্থায় শাহানুর আলমকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
আহত শাহানুর আলম কথা বলার মতো অবস্থায় না থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার স্ত্রী মরিয়ম বেগম জানান, খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। তবে কী কারণে বা কেন তার স্বামীকে মারধর করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ বলেন, “মারধরের বিষয়টি আমরা জেনেছি। শাহানুর অসুস্থ, কথা বলতে পারছেন না। সুস্থ হলে জানতে পারব কী ঘটেছিল।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম বলেন, “আমরা মারধরের ঘটনা শুনে হাসপাতালে তাকে দেখতে গিয়েছি। শাহানুর সুস্থ হলে এ বিষয়ে আমরা জানতে পারব।”
এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
