ঢাকার নবাবগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও খেসারির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন খন্দকার এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. আনোয়ারুল ইসলাম নবাবগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
কর্মসূচির প্রথম দিনে উপজেলার কলাকোপা ও বক্সনগর ইউনিয়নের প্রায় ৪০০ কৃষকের মাঝে সরিষার বীজ, খেসারির বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজের সঙ্গে ১৫ কেজি সার এবং ৮ কেজি খেসারির বীজ দেওয়া হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আগামী দিনগুলোতে উপজেলার বাকি ইউনিয়নগুলোর কৃষকদের মধ্যেও বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মণ্ডল, কৃষি কর্মকর্তা জগদীশ চন্দ্র রায় এবং নবাবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি রবি মৌসুমে সরিষা ও খেসারির আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
