দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
এ সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৪ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ২৫১ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা অব্যাহত থাকায় মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরও বেড়েছে।
