ঢাকার দোহারে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
১৫ নভেম্বর রোববার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, মৎস্য আইনের মামলার এক আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দোহার পৌরসভার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকার মামুন খান (২৪)। পুলিশি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী।
একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে সজীব হোসেন (১৯), যাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া উপজেলার মধুরচর এলাকার হিরণ মাদবর (৪৩), যিনি সুতারপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অপরজন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালেপুর চর এলাকার ইকরাম ফকির (২৫)। তিনি মৎস্য আইনের একটি মামলার আসামি।
দোহার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
