কালীপুজোর উৎসব শেষে কলকাতাজুড়ে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের পালা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাবুঘাটসহ শহরের বিভিন্ন বিসর্জনঘাটে নদীর জলে একে একে নিরঞ্জন করা হয় কালীপ্রতিমা। মাকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগঘন হয়ে ওঠেন পুজোর উদ্যোক্তা ও ভক্তরা। প্রতিমা বিসর্জনের মুহূর্তে অনেকের কণ্ঠেই ধ্বনিত হয়, ‘জয় মা কালী, আসছে বছর আবার এসো মা।’
পুজোর পরদিন থেকেই বাড়ির কালীপ্রতিমা বিসর্জন শুরু হলেও বড় বড় ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত পুজোগুলোর প্রতিমা প্রশাসনের নির্ধারিত নিয়ম মেনে ভাইফোঁটার দিন বিসর্জন দেওয়া হয়। এ উপলক্ষে বিভিন্ন ক্লাবের প্রতিমা একে একে সারিবদ্ধভাবে ঘাটে নিয়ে আসেন উদ্যোক্তারা। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে নদীতে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলো।
বিসর্জনকে কেন্দ্র করে বাবুঘাটসহ কলকাতার বিভিন্ন ঘাটে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। সরকারের নির্দেশ অনুযায়ী ঘাটে ঘাটে চলে প্রশাসনিক নজরদারি। উপস্থিত ছিলেন পুলিশ ও ডিসিপি পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকেরাও দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে মাইকিংয়ের মাধ্যমে পুজোর উদ্যোক্তা ও দর্শনার্থীদের সতর্ক করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুরসভার (কেএমসি) গাড়ি ও ক্রেন আগে থেকেই ঘাটের বিভিন্ন স্থানে প্রস্তুত রাখা হয়। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের (ডিজাস্টার ম্যানেজমেন্ট) কর্মকর্তারাও। নদীতে বিসর্জনের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানো হয়।
প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী, প্রতিমার সঙ্গে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিকেই বিসর্জনস্থলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাধারণ দর্শনার্থীদের নদীতে বেশি দূর নামতে দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে অনেকেই অনুরোধ করেও নির্ধারিত এলাকার ভেতরে প্রবেশের অনুমতি পাননি।
অন্যদিকে, নদীদূষণ রোধ এবং বিসর্জনঘাটে দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেয় কলকাতা পুরসভা। প্রতিমা বিসর্জনের পর ক্রেনের সাহায্যে প্রতিমার কাঠামো ও অন্যান্য সামগ্রী দ্রুত নদী থেকে তুলে ঘাটের নির্দিষ্ট স্থানে সরিয়ে রাখা হয়।
পাশাপাশি ঘাটের পিচ্ছিলভাব দূর করতে নিয়মিত জল দিয়ে পরিষ্কার করা হয়। যাতে কাদা বা অন্যান্য কারণে কেউ পিছলে পড়ে দুর্ঘটনার শিকার না হন, সে বিষয়ে সতর্ক ছিলেন পুরসভার কর্মীরা।
বিসর্জনে অংশ নেওয়া পুজোর উদ্যোক্তা ও দর্শনার্থীদের উদ্দেশে বারবার মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়। নিরাপদে চলাচল করা, প্রতিমা নিয়ে তাড়াহুড়ো না করা, নদীতে বেশি দূর না নামা এবং ঘাটে বাজি না ফাটানোর জন্য অনুরোধ জানানো হয়।
সন্ধ্যা যত গভীর হয়েছে, বাবুঘাটে প্রতিমা বিসর্জনের ব্যস্ততাও তত বেড়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্লাবের প্রতিমা ঘাটে আসতে থাকে। প্রতিমা আনা-নেওয়ার ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য বাবুঘাটের চারপাশে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়। নির্দিষ্ট পথ দিয়েই প্রতিমা নিয়ে আসা ও বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
সব মিলিয়ে মা কালীর বিদায়পর্বে ভক্তদের মনে ছিল আবেগ, বিষাদ ও আগামী বছর আবার মাকে ফিরে পাওয়ার প্রত্যাশা। অন্যদিকে, প্রশাসন ও কলকাতা পুরসভার তৎপরতায় বিসর্জনপর্ব নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে নেওয়া হয় নানা পদক্ষেপ।
