জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নবগঠিত তথ্য কমিশন। ঘোষিত কর্মপরিকল্পনায় সাতটি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার (আরটিআই) মেলা আয়োজন, দীর্ঘদিনের অনিষ্পন্ন ৯১৭টি অভিযোগের শুনানি শুরু এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ কার্যক্রম তদারকির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
তথ্য কমিশন কোনো পক্ষের হয়ে নয়, সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, সরকার কিংবা জনগণ—কোনো পক্ষের প্রতি অবস্থান না নিয়ে আইন অনুসরণ করে সবার তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকারমূলক কার্যক্রম ও কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
প্রধান তথ্য কমিশনার জানান, তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর প্রয়োগ ও জনসচেতনতা বাড়াতে চলতি মাসের শেষ দিকে ঢাকার সাতটি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী আরটিআই মেলার আয়োজন করা হবে। এর মধ্যে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি আইনসম্মত উপায়ে তথ্য চাওয়ার বিষয়ে উৎসাহিত করা হবে। পরবর্তী সময়ে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সহযোগিতায় স্কুল পর্যায়েও এ ধরনের মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগের বিষয়ে তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে জমা হওয়া ৯১৭টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর আরও দুই শতাধিক অভিযোগ জমা পড়েছে। পর্যায়ক্রমে এসব অভিযোগও নিষ্পত্তি করা হবে।
তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও রাজনীতিবিদদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান তথ্য কমিশনার। তাঁর মতে, তথ্যের দায়িত্বশীল ব্যবহার, সঠিক তথ্য প্রচার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় বিভিন্ন পেশার মানুষের দক্ষতা বাড়ানো প্রয়োজন।
এ ছাড়া সরকারি, আধা-সরকারি এবং বিদেশি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলো তাদের ওয়েবসাইটে বাজেটসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করছে কি না, তা পর্যবেক্ষণ করবে কমিশন। নিয়মের ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুসরণে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।
ব্রিফিংয়ে তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন। কমিশন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে প্রশাসন ও সমাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও জোরদার করা সম্ভব।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের ফলে তথ্যপ্রবাহ ও গণতান্ত্রিক চর্চায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে একই সঙ্গে ভুল তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য (ডিসইনফরমেশন) ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে গণমাধ্যমকে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে আরও সতর্ক হতে হবে। শুধু তথ্যের প্রবাহ নিশ্চিত করাই নয়, তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখাও জরুরি।
সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে তথ্য কমিশন সহযোগিতা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে কোনো বাধার মুখে পড়লে সাংবাদিকেরা তথ্য অধিকার আইনের আওতায় প্রয়োজনীয় তথ্য পাওয়ার উদ্যোগ নিতে পারেন।
নতুন কমিশন গঠনের বিষয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৭ অক্টোবর তথ্য কমিশন পুনর্গঠন করা হয় এবং পরদিন ১৮ অক্টোবর কমিশনের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এরপরই প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
আরেক তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, গণতন্ত্রের বিকাশে বাক্স্বাধীনতা অপরিহার্য। আর তথ্য জানার অধিকার এ স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রায় দুই বছর কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় বিপুলসংখ্যক অভিযোগ জমে আছে এবং বিভিন্ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।
তিনি বলেন, তথ্য অধিকার আইন প্রণয়নের ১৭ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে এ আইন এবং তথ্য কমিশনের ভূমিকা সম্পর্কে সচেতনতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তথ্য কমিশনার আরও জানান, তথ্য কমিশন প্রতিষ্ঠার ১৭ বছরের ইতিহাসে এই প্রথম কমিশনের নিজস্ব ভবনে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৫ তলাবিশিষ্ট ভবনটির জন্য ৭৬টি পদ অনুমোদিত থাকলেও বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিত জনবল নিয়েই জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
