পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি পর্যালোচনার দাবি জোরালো হচ্ছে ইরানে। দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ বলেছে, বর্তমান পরিস্থিতিতে এনপিটি থেকে সরে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এবং সাধারণ মানুষের প্রত্যাশা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে পরিষদটি এ অবস্থান তুলে ধরে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক প্রযুক্তির ওপর শত্রুদের বারবার হুমকি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার কারণে এসব প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার সুযোগ ক্রমেই কমে আসছে। এ পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনা, এনপিটি ত্যাগের বিষয়টি পর্যালোচনা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা এখন জনগণের অন্যতম প্রধান দাবি।
পরিষদটি আরও জানায়, ইরানের সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় চিন্তাভাবনা করবে বলে তারা প্রত্যাশা করে।
তবে বিবৃতিতে এখনই এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। বরং চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে। ইরানের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো অনুযায়ী, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার হাতে রয়েছে।
উল্লেখ্য, অ্যাসেম্বলি অব এক্সপার্টস ইরানের ৮৮ সদস্যবিশিষ্ট একটি প্রভাবশালী ধর্মীয় পরিষদ। জনগণের ভোটে নির্বাচিত জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত এই পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন, তাঁর কার্যক্রম তদারকি এবং সাংবিধানিক শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ভূমিকা পালন করা।
ইরানের এই অবস্থান দেশটির পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক পারমাণবিক কূটনীতিতে নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিতে পারে।
সূত্র: আল-জাজিরা।
