দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা জোরদার, প্রবাসীদের নিরাপত্তা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে গুরুত্বারোপ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা ও প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির আন্তঃদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
