ভিডিও নির্মাতাদের জন্য আয়ের নিয়মে বড় পরিবর্তন আনছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন কনটেন্ট নির্মাতাদের বিজ্ঞাপন থেকে আয় করার যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে বিজ্ঞাপনের অর্থ পেতে আগের তুলনায় দ্বিগুণ ওয়াচ আওয়ার অথবা শর্টস ভিডিওতে বেশি ভিউ অর্জন করতে হবে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) আওতায় বিজ্ঞাপন থেকে আয় করার যোগ্যতা অর্জনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে যারা নতুন করে ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয় করতে চান, তাঁদের কনটেন্ট তৈরির পরিকল্পনা ও কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।
আয়ের জন্য যে ৩টি শর্ত পূরণ করতে হবে
নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে বিজ্ঞাপনের আয় পেতে একজন কনটেন্ট নির্মাতাকে নিচের তিনটি শর্ত পূরণ করতে হবে—
১. ওয়াচ আওয়ার: গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য পাবলিক ওয়াচ আওয়ার থাকতে হবে।
২. শর্টস ভিউ: গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি যোগ্য ভিউ অর্জন করতে হবে।
৩. সাবস্ক্রাইবার: চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।
আগের নিয়মে বিজ্ঞাপন থেকে আয়ের যোগ্যতা অর্জনের জন্য গত ১২ মাসে ৪ হাজার ঘণ্টা পাবলিক ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে শর্টস ভিডিওতে ১ কোটি ভিউ প্রয়োজন হতো। নতুন প্রস্তাবিত নিয়মে ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করা হচ্ছে।
বর্তমান নির্মাতাদের ওপর কী প্রভাব পড়বে?
নতুন নিয়মে বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের আয়ে সরাসরি প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। মূলত নতুন নির্মাতাদের বিজ্ঞাপন আয়ের যোগ্যতা অর্জনের ক্ষেত্রেই পরিবর্তনটি কার্যকর হবে। ফলে যারা ২০২৭ সাল থেকে ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয় করতে চান, তাঁদের আগে থেকেই নির্ধারিত শর্ত পূরণের প্রস্তুতি নিতে হবে।
কেন কঠোর হচ্ছে আয়ের নিয়ম?
নিয়ম পরিবর্তনের বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক নতুন নির্মাতার প্রবেশ এবং বিজ্ঞাপন আয়ের প্রতিযোগিতার কারণে যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন করার উদ্যোগ নেওয়া হতে পারে।
ইনস্টাগ্রাম কি লাভবান হবে?
ইউটিউবের নতুন নিয়মের ফলে বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রামের প্রতি নতুন কনটেন্ট নির্মাতাদের আগ্রহ বাড়তে পারে। বিশেষ করে যারা ইউটিউবে বিজ্ঞাপন আয়ের যোগ্যতা অর্জনে বেশি সময় নিতে চান না, তাঁরা ইনস্টাগ্রামের দিকে ঝুঁকতে পারেন। তবে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ ও পদ্ধতির ক্ষেত্রে ইউটিউব এবং ইনস্টাগ্রামের মধ্যে পার্থক্য রয়েছে।
এদিকে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও তাদের প্রচলিত কনটেন্ট মডেলে পরিবর্তন এনে মৌলিক কনটেন্ট নির্মাতাদের গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে। ফলে কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্সের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়তে পারে।
সূত্র: টেক ২।
