ঢাকাTuesday , 10 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফুসফুসের পাশাপাশি বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চোখও

ডেস্ক রিপোর্ট
November 10, 2026 9:53 am
Link Copied!

ধুলা, ধোঁয়া ও ক্ষুদ্র দূষিত কণার প্রভাবে চোখে জ্বালা, চুলকানি, লালচে ভাব ও শুষ্কতার মতো সমস্যা দেখা দিতে পারে।

#New_Classic_Event_Management

বায়ুদূষণকে সাধারণত শ্বাসকষ্ট ও ফুসফুসের বিভিন্ন রোগের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। তবে এর ক্ষতিকর প্রভাব শুধু শ্বাসতন্ত্রেই সীমাবদ্ধ নয়, চোখের ওপরও পড়ছে। বাতাসে থাকা ধুলাবালি, ধোঁয়া ও ক্ষুদ্র দূষিত কণার সংস্পর্শে চোখে জ্বালাপোড়া, লালচে ভাব, চুলকানি ও অনবরত পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

বাতাসে থাকা পিএম ২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান চোখের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে প্রভাবিত করে। এতে চোখের আর্দ্রতা কমে শুষ্কতা, প্রদাহ ও অস্বস্তি তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় দূষিত পরিবেশে থাকলে এসব সমস্যা আরও বাড়তে পারে।


চোখে বায়ুদূষণের প্রভাবে কয়েক ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে চোখ লাল হওয়া, জ্বালাপোড়া, চুলকানি, অতিরিক্ত পানি পড়া, চোখের ভেতর ধুলা বা বালি আটকে থাকার অনুভূতি এবং চোখের পাতা ফুলে যাওয়া। কোনো কোনো ক্ষেত্রে সাময়িকভাবে দৃষ্টিও ঝাপসা হয়ে আসতে পারে।

চোখ সুরক্ষায় যেসব সতর্কতা জরুরি

বায়ুদূষণের কারণে চোখে অস্বস্তি দেখা দিলে প্রথমেই চোখ ঘষা থেকে বিরত থাকতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। চোখ বন্ধ রেখে পাতার ওপর আলতোভাবে পানি দেওয়া যেতে পারে। অস্বস্তি কমাতে বন্ধ চোখের পাতার ওপর কয়েক মিনিট পরিষ্কার ঠান্ডা কাপড়ও রাখা যেতে পারে।

বাইরে বের হওয়ার সময় সানগ্লাস বা চোখের চারপাশ ভালোভাবে ঢেকে রাখে এমন চশমা ব্যবহার করা উচিত। বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে কনট্যাক্ট লেন্সের পরিবর্তে সাধারণ চশমা ব্যবহার করা ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রিজারভেটিভমুক্ত লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করা যেতে পারে।

এ ছাড়া ঘরে দূষিত বাতাসের প্রবেশ কমাতে জানালা বন্ধ রাখা এবং দীর্ঘ সময় মোবাইল ফোন বা কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে না থেকে নির্দিষ্ট বিরতিতে চোখকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

নিজের ইচ্ছেমতো আই ড্রপ ব্যবহারে ঝুঁকি

চোখ লাল হওয়া বা জ্বালাপোড়া শুরু হলেই নিজের ইচ্ছেমতো ওষুধের দোকান থেকে আই ড্রপ কিনে ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে লালচে ভাব কমানোর ড্রপ, স্টেরয়েড কিংবা অ্যান্টিবায়োটিকযুক্ত আই ড্রপ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এসব ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহারে চোখের গুরুতর ক্ষতি হতে পারে। গ্লুকোমায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।

যেসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ জরুরি

চোখে তীব্র ব্যথা, আলো সহ্য করতে না পারা, ঝাপসা দেখা কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একটি চোখ অতিরিক্ত লাল হয়ে গেলে কিংবা দুই থেকে তিন দিনেও অস্বস্তি না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষ সতর্ক থাকতে হবে কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদেরও। চোখে ব্যথা বা লালচে ভাব দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। শিশু, প্রবীণ এবং আগে থেকেই চোখের শুষ্কতা, অ্যালার্জি কিংবা গ্লুকোমায় আক্রান্ত ব্যক্তিদের বায়ুদূষণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বায়ুদূষণ থেকে চোখকে পুরোপুরি সুরক্ষিত রাখা সম্ভব না হলেও সচেতনতা, প্রয়োজনীয় সতর্কতা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি