ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর এলাকায় অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
৭ নভেম্বর শনিবার (ভোররাতে) উপজেলার টিকরপুর এন মল্লিক পাম্পের পর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
জানা যায়, দেশীয় অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ির যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী মোস্তাক হোসেন দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে টিকরপুর এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে।
পরে অস্ত্রের মুখে জিম্মি করে মোস্তাক হোসেনের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, তার স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল এবং অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যায় ডাকাতরা।
ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় টিকরপুর এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
