বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি রঙিন স্মার্ট টিভি, একটি সেলাই মেশিনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএমের দিকনির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে রামপাল থানার উপপরিদর্শক (এসআই) রিপন দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় চুরি মামলার আসামি শেখ শাহীনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ শাহীন রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে। পুলিশ জানায়, তাঁকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি মুহাঃ মাসুদুর রহমান পিপিএম জানান, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিনসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রামপাল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
