মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে নদীর সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর চরে উঠে প্রাণে রক্ষা পান। পরে অন্য একটি জাহাজের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়।
দুর্ঘটনাকবলিত জাহাজটি মূল নৌ চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মোংলা বন্দরে জাহাজের চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজটির মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘ইয়াসা জুপিটার’ (YASA JUPITER) থেকে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকার কালীগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী বাঙ্কার বোটের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল নৌ চ্যানেলের বাইরে গিয়ে ডুবে যায়।
মাস্টার সুজন আরও জানান, জাহাজটি ডুবে যাওয়ার পর তাঁরা সাঁতরে নদীর চরে সুন্দরবন এলাকায় আশ্রয় নেন। পরে রাতে ‘এমভি রানিয়া-১৩’ নামের অপর একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি মূল নৌ চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলটি নিরাপদ রয়েছে। বন্দরে জাহাজের আগমন ও বহির্গমন স্বাভাবিক আছে।
তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর জাহাজটি উদ্ধারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সংঘর্ষের কারণ ও দুর্ঘটনায় কয়লার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
