যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জানিয়েছেন, তাঁর মেয়ে চেলসি ক্লিনটন মাত্র ১৫ বছর বয়সে পবিত্র কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছিলেন। পরে বাবাকেও কুরআন পড়ার জন্য উৎসাহিত করেন তিনি। সম্প্রতি ফ্লোরিডায় আন্তধর্মীয় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেয়ের এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিল ক্লিনটন।
২০ অক্টোবর ফ্লোরিডার কোইনোনিয়া ওয়ারশিপ সেন্টারে ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ, ধর্মীয় বৈষম্য এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষমূলক আচরণের সমালোচনা করেন।
বিল ক্লিনটন বলেন, ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে—এ বিষয়টি নিয়ে আমি অত্যন্ত বিরক্ত।’ তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক বিভেদ দূর করে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে চেলসি ক্লিনটনের কুরআন পড়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তাঁর মেয়ে ১৫ বছর বয়সে পুরো কুরআন পড়েছিলেন। পরে কুরআনের একটি বার্তা বাবার সঙ্গে ভাগ করে নিয়ে তাঁকেও তা পড়তে বলেছিলেন।
অনুষ্ঠানে বিল ক্লিনটন পবিত্র কুরআনের সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতের মর্মার্থ উল্লেখ করেন। আয়াতটিতে বলা হয়েছে, আল্লাহ মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন, যাতে তারা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারে। তিনি এ বাণীর মাধ্যমে ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন।
বিল ক্লিনটন বলেন, ‘প্রতিটি ধর্মেই খারাপ মানুষ রয়েছে, কারণ আমরা সবাই ভুলত্রুটিপূর্ণ মানুষ।’ ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে হেয় করা কিংবা একটি সম্প্রদায়ের কয়েকজনের কর্মকাণ্ডের জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করার প্রবণতার সমালোচনা করেন তিনি।
যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ নিয়ে বিতর্কের মধ্যে তাঁর এ বক্তব্য সামনে এসেছে। মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে ঘিরে রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গও উঠে এসেছে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে। মুসলিম প্রার্থীকে লক্ষ্য করে ধর্মীয় পরিচয়কেন্দ্রিক মন্তব্য ও রাজনৈতিক বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে।
বিল ক্লিনটনের বক্তব্যে ধর্মীয় বিভেদের পরিবর্তে পারস্পরিক পরিচিতি, শ্রদ্ধা ও সহাবস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংলাপ এবং একে অপরের বিশ্বাস সম্পর্কে জানার মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি জোরদার করা সম্ভব বলেও তাঁর বক্তব্যের মূল বার্তায় উঠে আসে।
সূত্র: দ্য সিয়াসাত ডেইলি, আইবিটাইমস ইউকে, গেজেট নিউজ
