বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সেলিমের নির্দেশনায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সভার আয়োজন করেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, মোংলা উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা সফরুল হায়দার সুনজন, ৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সেলিমসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এ ধরনের বক্তব্যের কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, ‘মিথ্যা ও কটূক্তিপূর্ণ বক্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে উপজেলা ও ইউনিয়নের সাধারণ জনগণ প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা চাই না কারও অসংযত বক্তব্যের কারণে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিবেশ উত্তপ্ত হোক।’
এ সময় দলের সিনিয়র নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ ও অপপ্রচার করা হয়েছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমরা স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করব।’
বক্তারা আরও দাবি করেন, ৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন শেখ ইমনসহ যারা তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে তারা অভিযোগ করছেন, তাদের ভূমিকা নিয়েও খোঁজখবর নেওয়া প্রয়োজন।
প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
