চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনা প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৈনিক গানার রিফাত (নম্বর-১০০৮২০১) এবং সৈনিক অপারেটর সিদ্দিক (নম্বর-১০০৮০৯৬)। এ ঘটনায় ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) ও সৈনিক জোবায়ের (ড্রাইভার) আহত হয়েছেন।
আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নেওয়ার প্রক্রিয়া চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুই সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।