সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং অপর দুজন এজাহারনামীয় আসামি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জগন্নাথপুর পৌর এলাকার ইসলামপুর (আলাখনারপাড়) ও উপজেলার হিজলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর পৌর এলাকার ইসলামপুর (আলাখনারপাড়) গ্রামের মৃত নছির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৮), কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর (আলাখনারপাড়) গ্রামের নজির আলীর ছেলে মো. মজিবুর রহমান (২২) এবং উপজেলার হিজলা গ্রামের বাসিন্দা মোছা. আমিরুন বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এফআইআর নং-১৭, তারিখ ২৫ আগস্ট ২০২৬, জিআর নং-১৪৮, ধারা ৩৭৯, দ্য পেনাল কোড, ১৮৬০-এর মামলার এজাহারনামীয় আসামি রাসেল মিয়া ও মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, সিআর নং-৬১/২৩ (জগন্নাথপুর) মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আমিরুন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাসের নেতৃত্বে এসআই কবির আহমদ, এএসআই কামাল উদ্দিন ও এএসআই মাহাবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ পাহারায় মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।