সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমীন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক মো. লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরসহ অনেকে।
আলোচনা সভা শেষে জগন্নাথপুর উপজেলার সফল মৎস্য খামারিদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। পরে উপজেলা পুকুর ও নলজুর নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ জগন্নাথপুর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।