ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ভোররাতে দোকানের স্থাপনা ভেঙে মালামাল লুট ও জমি দখলের অভিযোগ উঠেছে বানাঘানা গ্রামের সিদ্দিক বেপারি ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১৯ আগস্ট বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দোকানটির ভাড়াটিয়া সুদেব সূত্রধর। এ ঘটনায় তিনি দোহার থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে দাবি করেছেন তিনি। তবে পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুদেব সূত্রধর দীর্ঘদিন ধরে আবুল হোসেনের মালিকানাধীন জমির ওপর নির্মিত একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। বুধবার ভোরে সিদ্দিক বেপারির নেতৃত্বে ৫-৬ জন ব্যক্তি ওই দোকানে গিয়ে টিনের চালাসহ স্থাপনা ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দোকানের ভেতরে থাকা নতুন টিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়। এতে প্রায় ১২-১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন সুদেব।
সকালে পাশের দোকানের লোকজন বিষয়টি সুদেবকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে দোকানের ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে তিনি দোহার থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই জমির মালিকানা নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ অবস্থায় দোকান ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে সিদ্দিক বেপারি বলেন, তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক। তিনি কারও জমি দখল কিংবা দোকান ভাঙচুর করেননি; বরং নিজের সম্পত্তি বেদখল থেকে মুক্ত করেছেন। তবে নিজের দাবি করা সম্পত্তি রাতের আঁধারে দখলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।