ঢাকার দোহার উপজেলার ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতি দেখে হতভম্ব হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, বিদ্যালয়ে কর্মরত ২২ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষক নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত নেই। অর্থাৎ ২১ জন শিক্ষকই অনুপস্থিত ছিলেন।
হঠাৎ পরিদর্শনে শিক্ষকদের এমন অনুপস্থিতির বিষয়টি নিয়ে বিদ্যালয়টিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে অধিকাংশ শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
পরিদর্শনের সময় ইউএনও মাঈদুল ইসলাম বিদ্যালয়ের উপস্থিতি রেজিস্টারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করেন বলে জানা গেছে।
একটি বিদ্যালয়ে কর্মরত অধিকাংশ শিক্ষক একই সময়ে অনুপস্থিত থাকার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।