বাগেরহাটের মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেলা কার্যালয়, বাগেরহাট), আনসার বাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিন মাদকসেবী ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল থেকে মোংলা উপজেলার দিগরাজ, বৈরাগীখালী ও পৌর শহরের রাতারাতি কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাতারাতি কলোনী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ জুয়েল সরদার (৩০)কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলামের দাখিল করা প্রসিকিউশনের ভিত্তিতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বৈরাগীখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ রাহুল বিশ্বাস (৩৫)কে গ্রেফতার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারের প্রসিকিউশনের ভিত্তিতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে মোংলার দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ লিপন কুমার মণ্ডল (৪০)কে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. জাফরুল আলমের দাখিল করা প্রসিকিউশনের ভিত্তিতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গড়তে মোংলা এলাকায় এ ধরনের টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।