প্রকৃতির প্রতি ভালোবাসা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীবিকা সুরক্ষায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন দেশের উপকূলীয় ও উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির বিভিন্ন জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় প্রান্তিক পরিবার ও কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) বিকেলে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমেঠ চার্চ অব দ্যা বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রেভারেন্ট মঙ্গল বিশ্বাসের সভাপতিত্বে এবং স্বাস্থ্যকর্মী প্রদীপ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের প্রজেক্ট ম্যানেজার নাহিদা সুলতানা, কেয়ারগিভার এ্যালবার্ট স্বপ্না দাস, ব্রাহ্মণমেঠ চার্চ অব দ্যা বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন স্কুলের শিক্ষক বৃষ্টি দাস, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, “উপকূলীয় এলাকার লবণাক্ত মাটিতে সব ধরনের গাছ সহজে বাঁচে না। তবে সফেদা, কদবেল ও মেহগনি গাছ এ পরিবেশের সঙ্গে বেশ মানানসই। সঠিক পদ্ধতিতে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এসব গাছ দ্রুত বেড়ে উঠবে।”
বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের প্রজেক্ট ম্যানেজার নাহিদা সুলতানা জানান, একই দিনে ব্রাহ্মণমাঠ, কানাইনগর, হলিবুনিয়া ও কুমারখালী সেন্টারে ১৭০ জন শিশুর মাঝে আমের চারা ও শিরিষ গাছের চারা বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।