ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ মাছ বাজারে টানা বৃষ্টির কারণে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বাজারের একাধিক দোকান ও মাছ বিক্রির ঘরটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের টানা বর্ষণে বাজারসংলগ্ন অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বাজারের বেশ কয়েকটি দোকান এবং মাছ বিক্রির মূল স্থাপনাটি নদী বা খালের ভাঙনে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য (মেম্বার), স্থানীয় জনপ্রতিনিধি এবং নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
তারা দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।