ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ ও বান্দুরা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে আইসক্রিম উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অর্থদণ্ডের পাশাপাশি কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পরিচালিত এ অভিযানে মো. হেলাল কাজী (৬০)-কে ৬০ হাজার টাকা এবং অহিদুল (৪৬)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া একই অপরাধে সূর্য খন্দকার (৩৫), মো. মিজান (৪৫), মো. জামিয়ার রহমান (৩২) ও মো. আলমাছ (৩৫)-কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।
অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।