স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি দূর করতে তরুণদের এগিয়ে এসে স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা কম। এ কারণে স্বাস্থ্য খাতে জনবল সংকট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যা মোকাবিলায় সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং নতুন উদ্ভাবন ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন।
নতুন উদ্যোগ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে অনেক দক্ষ ও খ্যাতিমান চিকিৎসক রয়েছেন, যারা নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশের ওষুধের মানও আন্তর্জাতিক পর্যায়ের।
ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে এবং আগের সময়ের তুলনায় এবার পরিস্থিতি সামাল দিতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি স্বাস্থ্য খাতের উন্নয়নে উদ্ভাবন, দক্ষ জনবল গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।