পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির সদস্যরা এক সফল অভিযান চালিয়ে অবৈধ শুটকি তৈরির একটি আস্তানা উচ্ছেদ করেছে। ৩ মাসব্যাপী নিষেধাজ্ঞা চলাকালীন দ্বিতীয় মাসের প্রথম দিন, ১ জুলাই ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ শুটকি তৈরির সরঞ্জাম, ২৪ বোতল বিষ এবং ৩টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের এই নিষিদ্ধ সময়ে একদল অসাধু চক্র শিয়ালা নদীর সাইট খালে অবস্থান নিয়ে অবৈধভাবে শুটকি তৈরির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে বনরক্ষীদের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চক্রটি বনের ভেতরে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধ শুটকি তৈরির আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিষসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই সহকারী রেঞ্জ কর্মকর্তা বলেন, “সুন্দরবন আমাদের অহংকার। একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বন্যপ্রাণী ও জলজ সম্পদ রক্ষায় বনবিভাগ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। অবৈধ অনুপ্রবেশ, হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ শিকারের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”
বনবিভাগের এ ধরনের দ্রুত ও সফল অভিযানে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের তৎপরতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।