বাগেরহাটে শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর (Reduce, Reuse, Recycle) নীতি বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক সাব-কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুর রহমান, বিসিক খুলনার আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার, বিসিক ঢাকার উপব্যবস্থাপক (প্রশাসন) কাজী শাহিনুর আলম, বাগেরহাট বিসিকের উপব্যবস্থাপক মোঃ সোহাগ হোসেন এবং শিল্পনগরী কর্মকর্তা মোঃ শরীফ সরদারসহ অনেকে।
বক্তারা বলেন, শিল্পায়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে শিল্পবর্জ্য নির্গমন পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গ্রহণ এবং থ্রি-আর নীতি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির ব্যবহার এবং শিল্প উদ্যোক্তাদের পরিবেশগত দায়বদ্ধতা বৃদ্ধি অপরিহার্য। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প মালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কনফারেন্সে জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানে শিল্প বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও টেকসই শিল্প উন্নয়ন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।