বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন সাকিবুর হক তামিম (৩৬), তিনি খুলনার খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি সাকিবুর হক তামিমকে আটক করা হয়।
তার ব্যাগ তল্লাশি করে ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তার ব্যক্তি ভোরে আট্টাকী মহাসড়কের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।”
তিনি আরও জানান, মামলা শেষে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।