ইরান-সংক্রান্ত চলমান উত্তেজনা নিরসনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ‘পুরোপুরি সই হয়ে গেছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে চুক্তিতে ইরান আনুষ্ঠানিকভাবে সই করেছে কিনা, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি। একইভাবে ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে যোগ দিতে পৌঁছে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প এ দাবি করেন। এ সময় তার পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ট্রাম্প বলেন, “তেহরানের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, তা পুরোপুরি সই সম্পন্ন হয়েছে।” তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালির একটি অংশ ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং আগামী শুক্রবারের মধ্যে পুরো প্রণালি উন্মুক্ত হয়ে যাবে।
এর আগে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে ট্রাম্প জানান, সমঝোতা অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি তাদের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় রাখার বিষয়েও সম্মত হয়েছে।
তিনি বলেন, ইরান চুক্তির শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ফ্রান্স, যুক্তরাজ্যসহ প্রায় ২০টি দেশ সমন্বিত উদ্যোগে নেতৃত্ব দেবে বলেও জানান ট্রাম্প।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে। এই সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।
ভবিষ্যতে ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা ইতিবাচক হয়েছে। ভবিষ্যতেও ভালো সম্পর্ক বজায় থাকবে বলে আশা করছি।”
তবে চুক্তির বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি। ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের পর চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে।
শুক্রবারের অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি থাকতে পারি, নাও থাকতে পারি। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্যই থাকবেন।”