টানা বৃষ্টিতে ঢাকা জেলার দোহার উপজেলার নিকড়া-ডাইয়ারকুম-ডাইয়াগজারিয়া সড়কের একটি অংশ আংশিক দেবে গেছে।
এতে সড়কটিতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সড়কের পিচ ঢালাইয়ের নিচের বালু ধসে গেছে। ফলে সড়কের একটি অংশ ফাঁপা হয়ে পড়ে এবং কিছু স্থানে দেবে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে।
বিষয়টি দ্রুত সমাধান না হলে সড়কের আরও বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের এমন অবস্থায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে রাতের বেলায় চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
তাদের মতে, সময়মতো মেরামতের উদ্যোগ না নিলে জনদুর্ভোগের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।