বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।
রোববার (৭ জুন) সকালে ফয়লা বাজারে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দ করা পচা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, হারুনর রশিদ দীর্ঘদিন ধরে গরুর মাংস ব্যবসার আড়ালে মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলেন। তারা তার মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানিয়েছেন।