ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব সোনাবাজু এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. জাহিদ হোসেন (৩৫) নামে এক কুয়েতফেরত যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সোনাবাজু জামে মসজিদের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের পূর্ব মনিকান্দানি গ্রামের বাসিন্দা। তিনি মো. জলিলের ছেলে। দীর্ঘদিন কুয়েতে কর্মরত থাকার পর তিন দিন আগে দেশে ফিরেছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে যাওয়ার সময় জাহিদ হোসেনের সঙ্গে বালুবোঝাই একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন পর প্রবাস থেকে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।