মোংলার মাছ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এতে প্রায় ৫ শতাধিক জীবন্ত মুরগি, নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মাছ বাজার এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে একটি পাইকারি মুরগির আড়তের প্রায় ৫ শতাধিক মুরগি পুড়ে মারা যায়। পাশাপাশি আরও তিনটি মাছের আড়ত সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নগদ অর্থ, আসবাবপত্র এবং ব্যবসায়িক সরঞ্জামসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি বলে তারা দাবি করেন।
মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়তে পারেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলেও তিনি জানান।