ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি দ্বীপ ওরফে ‘মুরগি দ্বীপ’-কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
১ জুন সোমবার রাত ৮টার দিকে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার একটি মুরগির খামার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় কলেজছাত্র ইয়াসিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে দ্বীপ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় নুরু নামে এক ব্যক্তি ইয়াসিনকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে নুরুর হাত ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে দোহার থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে দ্বীপকে গ্রেফতার করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।