মোংলা পৌরসভার প্রাণ ঠাকুরানি খালের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম ২৭ মে বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
খালটির স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে এবং পরিবেশ রক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, “প্রথম পর্যায়ে খালের ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করা হয়েছে।
পরবর্তীতে খালের সীমানা নির্ধারণ করে খনন কার্যক্রম পরিচালনা করা হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।”
প্রতিমন্ত্রী আরও জানান, দীর্ঘদিন ধরে অবহেলা ও দখলের কারণে খালটির নাব্যতা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পৌরবাসীর দুর্ভোগ কমানো সম্ভব হবে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা খাল পুনরুদ্ধার কার্যক্রমকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।