জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
রোববার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাটে আনা কয়েকটি মহিষ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং আশপাশে থাকা লোকজনের ওপর আক্রমণ চালায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় এবং সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন—সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সানন্দবাড়ী হাটে এক ব্যক্তি কয়েকটি মহিষ বিক্রির জন্য নিয়ে আসেন। পরে হঠাৎ দুটি মহিষ নিয়ন্ত্রণ হারিয়ে হাটে আসা লোকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হন।
ওসি আনোয়ার হোসেন আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।