জগন্নাথপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল ও নগদ সহায়তাও বিতরণ করা হয়। এসব কার্যক্রমে অংশ নেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ অসহায়, দরিদ্র ও হতদরিদ্র মানুষের হাতে নগদ সহায়তা তুলে দেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
একই দিনে জগন্নাথপুর পৌরসভা ভবনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তিন মাসের জন্য বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রদান করা হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী এবং সুবিধাভোগী সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।