রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এবং দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় বেসরকারি এনজিও সংস্থা বাদাবন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলা চত্বরে প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো নারী বা শিশু এ ধরনের ঘটনার শিকার না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রতিবাদী স্লোগান দেন এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী ও সংগঠক আফরোজা হীরা, সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, বাদাবনের প্রজেক্ট অফিসার শেখ শরীফ উদ্দিন, প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রকল্প সমন্বয়কারী তামান্না, স্বেচ্ছাসেবক বিজরী, বৃষ্টি বৈরাগী, আফছানা বর্ণ, মেঘলা, চৈতী সরকার, হেলেনা, লামিয়া, হোসনে আরা, ফ্রেন্ডশিপের জাহিদ, নবলোকের কাজী তোবারক হোসেনসহ আরও অনেকে।