ঢাকার দোহার উপজেলায় সারাদেশের সঙ্গে একযোগে “ভূমিসেবা মেলা-২০২৬” উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাঈদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সহজে জানতে পারবে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়বে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর এবং অনলাইন সেবাসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, জনগণের কাছে ভূমিসেবা পৌঁছে দিতে এবং সেবা গ্রহণ সহজ করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।