সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ৪ মে ভোর ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল এলাকায় অবস্থিত একটি ইকো রিসোর্টে থাকা পর্যটকদের লক্ষ্য করে হামলা ও লুটপাটের উদ্দেশ্যে একটি দুষ্কৃতিকারী চক্র জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
পরে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে একই দিন বিকেলে অভিযান চালানো হয়। কোস্ট গার্ড বেইস মোংলার পরিচালিত এ অভিযানে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টায় জড়িত দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তারা উভয়েই খুলনার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় কোস্ট গার্ড।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।