ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রবণতায় এবার প্রথমবারের মতো বিজেপি এগিয়ে রয়েছে। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণনায় বিজেপি ১৯৪টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল ৯৪টি আসনে। এতে তৃণমূল বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বলে দেখা যাচ্ছে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।
এই পরিস্থিতিতে বিজেপি সরকার গঠনের পথে এগোচ্ছে বলে দলের শীর্ষ নেতারা দাবি করছেন। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ।
দলীয় কর্মীরাও বিজয় উদযাপন শুরু করেছেন। পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়েও আলোচনা চলছে।
নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন—শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং স্বপন দাশগুপ্ত।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস