চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।
এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়ায় দিন-রাত নির্বিশেষে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম অস্বস্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা।
এ বিষয়ে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মামুন মোল্লা জানান, দোহার-নবাবগঞ্জ এলাকায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৮০ মেগাওয়াট।
তবে ২২ ই এপ্রিল বুধবার বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৪৮ মেগাওয়াট।
তিনি বলেন, “প্রতিদিন একই রকম বরাদ্দ পাওয়া যায় না। বরাদ্দ কম হলে লোডশেডিং ও বেড়ে যায়। এই সমস্যা শুধু এ এলাকায় নয়, সারা দেশেই বিদ্যমান।”
স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।